দেশজুড়ে করোনা আতঙ্ক ও চারদিকে লকডাউন আর লকডাউন। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার বকেয়া বেতনের দাবিতে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকার একটি স্টিলমিলের শ্রমিকরা। করোনা পরিস্থিতে কম যান চলাচলের মধ্যেও মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, চলতিমাসসহ তাদের চার মাসের বেতন বাকি। ২০১৪ ও ২০১৫ সালের ওভারটাইমের বকেয়াও রয়েছে বলে জানান অনেকে। তারা আরো জানান সাহায্যের নামে আজ তাদের যে চাল-ডালসহ কিছু সামগ্রী দেওয়া হচ্ছে তার মূল্য বেতন থেকে কেটে নেওয়া হবে বলে তারা জানতে পেরেছে। তবে এসব সামগ্রীর দাম বেতন থেকে কেটে নেওয়া হবে কি না তা নিশ্চিত করতে পারেননি কারখানার স্টেট অফিসার স্থানীয় ফজলুল হক। ফজলুল হকের উপস্থিতিতেই কর্তৃপক্ষের বরাত দিয়ে ধামরাই থানার এসআই মিজানুর রহমান শ্রমিকদের জানান, ২৬ এপ্রিল কর্তৃপক্ষ তাদের যাবতীয় বেতন পরিশোধ করে দেবে। না পেলে তাকে টেলিফোন করে জানাতে বলেন।
তবে কোম্পানির পরিচালক জামিল হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে না।
