বগুড়ার সোনাতলায় পৃথক ঘটনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্রসহ দুই জন খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়া ধুনটে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ জানায়, সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের জনৈক জাহাঙ্গীর আলম বাদশার কলেজপড়ুয়া পুত্র সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র পারভেজ ইসলাম সুমন (২৪) ও একই গ্রামের মোজাহার আলী প্রামাণিকের পুত্র মাসুদ রানা (২২) এক সঙ্গে মোবাইল ফোনের সিমকার্ড বিক্রির ব্যবসা করত। ওদের মধ্যে সিম বিক্রির টাকা ভাগবাঁটোয়ারাকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুর ২টার সময় হাটকরমজা বাজারে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদ রানা একটি ধারালো অস্ত্র দিয়ে পারভেজ ইসলাম সুমনের বুকে আঘাত করে। এতে সে জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিত্সার জন্য সিএনজিযোগে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক সুমনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল সকাল ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। সে ঐ গ্রামের মৃত জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে। এ ঘটনায় পুলিশ দুই মহিলাসহ পাঁচ জনকে আটক করেছে।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এছাড়া তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বগুড়ার ধুনট উপজেলায় মোমতাজ উদ্দিন (৬১) নামে এক দিনমজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোমতাজ উদ্দিন উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের মহর আলীর ছেলে। গতকাল বেলা ১১টার দিকে নিজের ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোমতাজ উদ্দিনের অভাব অনটনের সংসার। তিনি দিনমজুর, কাঠমিস্ত্রি ও নির্মাণ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার সহায়-সম্বল বলতে ১২ শতক বসতভিটা। তিন মেয়েকে অনেক আগেই বিয়ে দিয়েছেন। ঘরে পক্ষাঘাতে আক্রান্ত স্ত্রী রাবেয়া খাতুন এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থায় সংসারের খরচ জোগাতে ব্যর্থ হয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
