রাজৈরে সরকারি চালসহ ৩ জন আটক

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৭:৩৪

মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম সীমান্তে নয়াকান্দি সুইচগেট এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডি’র ১১ বস্তা চাউলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ১১ টার দিকে হায়দার শেখ, বিদ্যুত শেখ ও ভ্যানচালক সাইদুল শেখকে আটক করা হয়। আটক তিনজনের বাড়ি উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামে ।

ভ্যানগাড়ি চালক সাইদুল জানায়, খালিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১১ বস্তা চাউল নিয়ে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার শান্তিপুরের হায়দার  শেখের চাতালে যাচ্ছিলাম।

পুলিশ জানায়, ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা চালের ১১ বস্তা ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় চেকপোস্ট পুলিশের হাতে তারা আটক হয়। পরে ওই চাউলসহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মারা যাওয়া নারী ও প্রবাসীর করোনা পজিটিভ

মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ চাউল কার্ড হোল্ডার বিক্রি করে থাকলে তার কার্ড বাতিল করার বিধান রয়েছে।

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাউল রয়েছে। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলও রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।  

ইত্তেফাক/এএএম