মাদারীপুরের রাজৈরে এক শ্রমিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে ওই শ্রমিক (৩৫) অল্প শুষ্ক কাশি নিয়ে ঢাকার ওয়াইজঘাট থেকে রাজৈর উপজেলার তেলিকান্দি গ্রামের নিজ বাড়িতে আসেন। পরে এলাকাবাসীর চাপের মুখে ৯ এপ্রিল রাজৈর হাসপাতালে এসে করোনা আক্রান্ত কি না পরীক্ষা করান। নমুনা সংগ্রহের পর শনিবার (১১ এপ্রিল) রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে আইসোলেশনে নিয়ে চিকিৎসা শুরু করেন।
হাসপাতালের আরএমও ডা. মিঠুন বিশ্বাস জানান, শুধু চিকিৎসা নয়, তার পরিবারের যাবতীয় ব্যয় বহন করছি। ওই শ্রমিক প্রাথমিক স্টেজে আক্রান্ত। তার অবস্থা অনেকটা ভালো। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতার চাল চুরি আটকে দিলো জনতা
উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, এ ঘটনার পর রাজৈর উপজেলাকে লকডাউনের ঘোষণা করা হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচা বাজার বেলা ১২টা পর্যন্ত চালু থাকবে।
ইত্তেফাক/এসি
