বৈশাখী পাঁচফোড়ন

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৮:৪৮

বিনোদন রিপোর্ট

 

প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত হয়েছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্নধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড়যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। তারই ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বৈশাখের বিশেষ এই পাঁচফোড়ন।

এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে বর্তমানের বৈশ্বিক দুর্যোগ করোনায় আক্রান্ত নববর্ষ উদযাপন নিয়ে। জনৈক ব্যক্তির বাসায় তার এক দূর সম্পর্কের ভাই বেড়াতে এসে করোনার কারণে আটকা পড়ে যান। ব্যক্তির বাসায় আগে থেকেই তার শ্যালক ছিল। এই তিন ব্যক্তির মধ্যে করোনা সম্পর্কে নানা সচেতনতামূলক আলোচনা, বিভিন্ন মতামত ও করণীয় সম্পর্কে বিভিন্ন আলোচনা চলতে থাকে। আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমত্কার সব রিপোটিং।

এবারের পাঁচফোড়নে অতিথির চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, গৃহকর্তার চরিত্রে সুভাশিষ ভৌমিক ও শ্যালকের চরিত্রে অভিনয় করেছেন সজল।

এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ২টি। একটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল। নববর্ষকে নিয়ে গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন এসআই টুটুল। পরিবেশন করেছে ধ্রুবতারা ব্যান্ড। এছাড়া সংগৃহীত কথায় কানাই লাল শীলের সুরে পল্লীগীতি ‘মাঝি বাইয়া যাও রে’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি বিশেষ করে বৈশাখের শাড়ি ও তাঁতের শাড়ি বিক্রির সবচেয়ে বড় হাট সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বায়োস্কোপের ওপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন।

এছাড়াও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামের সমীরণ দত্তের পরিত্যক্ত গাছের শিকড় দিয়ে বানানো চমত্কার নকশার প্রয়োজনীয় আর ব্যবহার্য বিভিন্ন শিল্পকর্মের ওপর একটি চমত্কার প্রতিবেদন।

এবারও বৈশাখের ওপর বেশ ক’টি ব্যাঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে। এগুলোতে অভিনয় করেছেন আব্দুল আজিজ, কাজী আসাদ, মোহাম্মদ বারী, জাহিদ শিকদার, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, সুর্বনা মজুমদার, সাজ্জাদ সাজু, সেঁজুতি, মতিউর রহমান, বাহার, হাশিম মাসুদসহ অনেকে।

অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রাত ৮টায় এটিএন বাংলায়। পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।