বিনোদন রিপোর্ট
‘ঘরে থাকো হে মানুষ, জীবন ভালোবাসো।’—এমন শিরোনামের একটি গান প্রকাশ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর শাহিন। শিল্পীর নিজের সুর ও সংগীতে গাওয়া গানটি লিখেছেন সীমান্ত প্রধান। বর্তমান করোনা আক্রান্ত বিশ্বে সবাইকে ঘরে থাকার মেসেজ নিয়েই তৈরি এই গানটি। গানটি প্রসঙ্গে তানভীর শাহিন বলেন, ‘এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঘরে থাকা। দীর্ঘদিন ধরেই আমার নিউইয়র্কে বসবাস। পৃথিবীর এই কঠিনতম সঙ্কটের সময়ে নিউইয়র্কের ভয়াবহতার কথা সবাই জানেন। এখানে কিন্তু যারাই এই ঘরে থাকাটাকে অবহেলা করেছেন তারাই আক্রান্ত হয়েছেন। তাই আমি শিল্পী হিসেবে পৃথিবীর এই কঠিন সময়ে একান্তই সামাজিক দায়িত্ব থেকেই গানটি করেছি।’ অন্যান্য সকল শিল্পীদের মতো তানভীর শাহিনেরও একাধিক কনসার্ট বাতিল হয়েছে। এছাড়া নিউইয়র্কের সবচেয়ে বড় সাউন্ড কোম্পানিটিও তার। সেদিক দিয়ে দেশের সকল অনুষ্ঠানই এখন বন্ধ। এই অবস্থায় নতুন করে কবে আবারও সরব হবে শহর কেউই জানেন না। তাই পেশাগত দিক থেকেই অন্য সকলের মতোই ক্ষতির সম্মুখীন তিনিও। তানভীর শাহিন বলেন, ‘প্রতিবছরই আমার আয়োজনে একাধিক শিল্পীকে নিয়ে কনসার্ট ট্যুর অনুষ্ঠিত হয়। গতবছর মাইলসের ৪০ বছরের ট্যুরটিও আমারই আয়োজনে ছিল। ইচ্ছে ছিল এ বছর আরও বড় কিছু আয়োজনের। কিন্তু এ বছর তো পৃথিবীর মহামন্দা। স্থবির হয়ে আছি আমরা। সেই কষ্টের চেয়েও বড় কষ্ট যখন দেখি এই মহামারিতে আমার প্রিয় মানুষেরাও প্রাণ হারাচ্ছেন। সেই হাহাকার থেকেই গানটি করার চেষ্টা করেছি।’
