এই সময়ের ছড়া
আমীরুল ইসলাম
এবার চৈত্র মাস
বিশ্ব জুড়ে ত্রাস
আমার চোখে দেখতে পাই
তোমার সর্বনাশ।
চৈত্র মাসের ঝরা পাতা
শূন্য আমার লেখার খাতা
টের পাইনি চৈত্র মাসে
ঘূর্ণি হাওয়ার বাঁক
ফুরিয়ে গিয়ে চৈতালি রং
আসিবে বৈশাখ।
চৈত্র মাসে দেখা হয়নি
শিমুল ফুলের লাল
বিশ্ব জুড়ে পরিস্থিতি
এবার টালমাটাল।
নতুন সুরে নতুন বছর
নতুন দিনের ডাক
ঝরা পাতার চৈত্র শেষে
আসিবে বৈশাখ।
২
চৈত্র শেষে হাওয়া নাচছে
মেঘের কেশর ফোলা।
কেমন আছ পুরান ঢাকার
আমার আমলিগোলা।
কেমন আছে কৃষ্ণচূড়া
পলাশ শিমুল ওগো
মেঘে মেঘে তৈরি হলো
বোশেখ মাসের লোগো।
কেমন আছে মেঘের বাড়ি
আমার গোলারটেক
মেঘ বলেছে, একটা ছড়া
আমায় নিয়ে লেখ।
