চোরেরা নেই কোথায়!

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২০:৪৮

দোয়ায়ও কাজ হবে না। কারণ ঐ দোয়ায় অংশ নিতে কত অপরাধী, কত ত্রাণচোরও ঢুকে গেছে। হায় রে দুর্ভাগা দেশ! চোরেরা নেই কোথায়—সর্বত্র কিলবিল করছে হরেক রকমের চোর! নির্বাচনের সময় বাসায় বাসায় ভোটার স্লিপ পাঠানো হয়। না চাইতেই ভোটার স্লিপ পৌঁছে যায় যথাসময়ে। আর আজ? লকডাউনে ২৪ দিন ধরে ঘরে আবদ্ধ আছি। শুনি, চারদিকে সরকারি ত্রাণ? তা যায় কোথায় জানি না। তবে শুনি, চারদিকে ত্রাণচোর...কোথাও ধরা পড়ছে...! সত্যি কি মিথ্যা জানি না। হুজুগে গুজবে বিশ্বাসী নই। কারণ গুজব যারা ছড়ায় তাদের মধ্যেও তো অসত্ উদ্দেশ্য থাকে। তবে না চাইতেই ভোটার স্লিপ যেভাবে বাসায় বাসায় পৌঁছানো হয়, ঠিক সেইভাবে আজ ত্রাণ পাঠালে দেশের জনগণ অন্তত ভাবত, মানবতা এখনো মরে যায়নি! জনগণ যদি ত্রাণ না পায়, তাহলে ভাবতে বা বলতে দোষ কোথায়—বাংলাদেশ থেকে মানবতা, দয়া-মায়া, মমত্ববোধ, নীতি-আদর্শ, মনুষ্যত্ব, সমাজসেবা, ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতা চিরতরে হারিয়ে গেছে!

লিয়াকত হোসেন খোকন, ঢাকা