করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে নিজ বাড়িতে অবস্থান করতে হচ্ছে। হাট-বাজার প্রায় বন্ধ। বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। উত্পাদিত ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। সময়মতো ফসল বিশেষ করে সবজি বিক্রি করতে না পারায় মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। নেই পর্যাপ্ত সংরক্ষণাগার। কয়েকটি জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে চালু হয়েছে ভ্রাম্যমাণ বাজার। কৃষকদের লোকসান ঠেকাতে এবং জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করতে সারা দেশে ভ্রাম্যমাণ বাজার চালু করা অপরিহার্য হয়ে পড়েছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মমিন সরকার
শিক্ষার্থী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
