আইপিএল ভুলতে বললেন গাঙ্গুলি

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২০:৫৩

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবছর না হলে ৪ হাজার কোটি রুপি ক্ষতির মুখে পড়বে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তবুও, দেশের করোনা ভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে আপাতত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি ভুলে যেতে বলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

প্রাথমিকভাবে আইপিএলের ১৩তম আসর চলতি মার্চের ২৯ তারিখ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা ভাইরাসের প্রকোপে সেটা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। তবে, প্রকোপ বাড়লে ভারতকে সরকারিভাবে লকডাউন করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিসিসিআই দেশের সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। ছোটো পরিসরে আইপিএল আয়োজনের গুঞ্জনও আছে। তবে, আইপিএল আয়োজনের অবস্থায় এখনো ভারত পৌঁছাতে পারেনি বলে জানালেন সৌরভ গাঙ্গুলি।

সাবেক এই অধিনায়ক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ মুহূর্তে কিছুই বলতে পারছি না। এখন কিংবা আগামী কয়েক সপ্তাহের ভেতরে আইপিএল আয়োজনের কোনো সম্ভাবনাই নেই। বিমানবন্দর বন্ধ হয়ে আছে। মানুষজন বাড়িতে। অফিস পাড়া বন্ধ। কারো কোনো নড়াচড়া নেই। মনে হচ্ছে এ পরিস্থিতি মধ্য মে মাস পর্যন্ত থাকবে। কীভাবে খেলোয়াড়রা আসবে বলুন। কোথায় তারা যাবে। খুব স্বাভাবিক কমনসেন্স যে, এরকম পরিস্থিতিতে কোনোভাবেই খেলার চিন্তা মাথায় আনা যায় না। আইপিএল ভুলে যাওয়া উচিত।’

ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়কের কণ্ঠে ছিল আক্ষেপ। তিনি বলেন, ‘জীবন যেখানে থেমে যাচ্ছে সেখানে আমি ভবিষ্যত্ নিয়ে কীভাবে চিন্তা করি! করোনা জীবনে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, জীবন একটাই। এটাকে উপভোগ করো। প্রতিটি দিন বেঁচে থাকতে হবে প্রাণ-প্রাচুর্য নিয়ে। কেউ করোনা দেখতে পাচ্ছে না। কিন্তু সবাই এখন আতঙ্কে। তাই বলছি জীবন যেমন-ই হোক উপভোগ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি পরিবার নিয়ে আছি। ব্যস্ততার জীবনে এ সময়গুলো তো সব সময় আসে না। এর বাদে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছি। টিভি দেখছি। ঘরে জিমের ব্যবস্থা আছে সেখানে সময় দিচ্ছি।’