স্মৃতিতে লারার ৪০০

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২০:৫৪

আন্তর্জাতিক ক্রিকেটে একজন ব্যাটসম্যানের ৪০০ রানের অপরাজিত ইনিংস—এমন অভাবনীয় এক ঘটনা ঘটিয়েছিলেন ব্রায়ান লারা। দিনটা ছিল ২০০৪ সালের ১২ এপ্রিল। সেদিন অ্যান্টিগাতে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানে অপরাজিত ছিলেন লারা। গতকাল লারার এই ইনিংসের ১৬ বছর পূর্তি হলো। সেই ম্যাচে ৯৭ ওভার তথা ৫৮২ বল খেলে লারা এই রানের পাহাড়ে ওঠেন। প্রায় পৌনে তিন দিন ও ১৩ ঘণ্টা লম্বা ইনিংসটিতে ছিল ৪৩টি চারের সঙ্গে ছিল চারটি ছক্কা। ১৯৯৪ সালের এপ্রিলে ইংল্যান্ডের বিপক্ষে এই অ্যান্টিগাতেই ৩৭৫ রানের ইনিংস খেলেছিলেন লারা। টেস্টের সেরা ইনিংস হিসেবে সেটা টিকেছিল নয় বছরেরও বেশি সময়। ২০০৩ সালে লারার রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন করেন ৩৮০ রান। যদিও, হেইডেনের রেকর্ডের বয়স ছয় মাস হতে না হতেই সেটা ভেঙে ফেলেন লারা।