নিকলীর হাওরে বোরো কাটা নিয়ে উদ্বিগ্ন কৃষক

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:০৩

শ্রমিকসংকট

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

চলমান করোনা পরিস্থিতিতে হাওরের বোরো ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে কৃষক। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরাঞ্চলের কয়েক হাজার কৃষক পরিবার। এক ফসলি বোরো ধান কেটে গোলায় উঠাতে পারবে কি না এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরাঞ্চল সিংপুর, দামপাড়া, কারপাশা, সদর, গুরুই, জারইতলা ও ছাতিরচর এলাকার বোরো মাঠ ঘুরে দেখা যায়, জমিগুলো আশাতীত হূষ্টপুষ্ট। ধানে পাকা রং ধরছে। ইতিমধ্যেই চরাঞ্চলে আগাম জাতের বিআর-২৮ ধান কাটা শুরু হয়েছে। শ্রমিক সমাগম চোখে পড়ার মতো নয়। কৃষকরা নিজেরাই স্বল্প পরিসরে এসব জমির ধান কাটছেন। দু-চার দিনের মধ্যেই সকল জমির ধান কাটার উপযোগী হবে। উপজেলা বড়ো হাওরের কৃষক আছির উদ্দিন মিয়া, খায়ুম মিয়া, রেজেক মিয়া জানান, করোনা আতঙ্কের কারণে এ বছর ধান কাটার শ্রমিক পাব না। যারা নিয়মিত ধান কেটে দিত এবার তারা আসবে না। উপজেলার দামাপড়া ইউনিয়নের কৃষক নবী হোসেন, সিংপুর ইউনিয়নের কৃষক সুনামদ্দিন, আলতু মিয়া ও গুরই ইউনিয়নের কৃষক দুলাল মিয়া বলেন, অন্য বছর দেশের কয়েকটি জেলা থেকে অনেক ধান কাটার শ্রমিক আসতো। করোনা আতঙ্কের কারণে এবার শ্রমিকও আসবে না।

নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, শ্রমিক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।