যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার করোনা ভাইরাস বা কোভিড-১৯ পরীক্ষা শুরুর অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর এ সম্মতি দিয়েছে বলে নিশ্চিত করেছেন যবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন। হাসপাতালের বাইরে দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় এই প্রথম করোনা ভাইরাস পরীক্ষার সরকারি অনুমতি পেল।
মাইক্রোবায়োলজির শিক্ষক উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন জানান, একসঙ্গে এখানে ৯৬ জনের পরীক্ষা সম্ভব। উপাচার্য আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালে ২০১১ সাল থেকে তিনি করোনার আরএনএ ভাইরাস পরীক্ষা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐ ল্যাবেও ৩৮টি নমুনা পরীক্ষা সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও কোভিড-১৯ ল্যাবরেটরি ইনভেস্টিগেশন টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ডা. নাসিমা সুলতানা মোবাইলে ইত্তেফাককে বলেন, যশোরের ল্যাবে অতি দ্রুত পরীক্ষা শুরু হবে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি। প্রয়োজনীয় উপকরণ পাওয়া গেলে পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার জানান, যবিপ্রবির ল্যাবটি এরই মধ্যে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও যশোরের সিভিল সার্জন পরিদর্শন করেছেন। উপাচার্য আরো বলেন, তাদের ল্যাবে শুধু পরীক্ষাই নয়, তারা দেশের যে কোনো স্থানে পরীক্ষা চালুর প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতাও রাখেন। সরকারের সিগন্যাল পেলে মহামারির এই দুর্যোগ মোকাবিলায় তারা তাদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত।
