বান্দরবান প্রতিনিধি
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পার্বত্য জনপদের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উত্সব বৈসাবি আয়োজন বাতিল করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বর্ষবরণ এবং বর্ষবিদায় উপলক্ষ্যে পাহাড়ের জনগোষ্ঠী প্রতিবছর বৈচিত্র্যময় নানা অনুষ্ঠানমালার আয়োজন করলেও করোনার ছোবলে সব আনুষ্ঠানিকতা বন্ধ রয়েছে এবার। এমনকি জনসমাগম ঠেকাতে বান্দরবান জেলার সাতটি উপজেলার ৪১৮টি বৌদ্ধ বিহারে লকডাউন ঘোষণা করেছে পার্বত্য জেলা পরিষদ। রবিবার থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত বিহারগুলো সবধরনের দর্শনার্থী এবং প্রার্থনাকারীদের জন্য বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, আগামী পাঁচ দিনের জন্য বিহারগুলো লকডাউন থাকবে। এসময়ে কোনো দর্শনার্থী এবং প্রার্থনাকারীরা বিহারে প্রবেশ করতে পারবে না। লকডাউন চলাকালীন সময়ে ভিক্ষু এবং বিহারে অবস্থানকারী শ্রমনরা যাতে সোয়াইং (ভিক্ষুদের খাবার) খেতে পারেন, সেজন্য বিহারগুলোতে পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষু এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, পাহাড়ি চার সম্প্রদায়ের প্রধান এই সামাজিক উত্সবকে সমষ্টিগতভাবে বৈসাবি বলা হয়।
