বুড়িমারী স্থলবন্দর ৯ দিনেও ৬১ ট্রাকচালককে ফেরত নেয়নি ভারত

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:০৪

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে বুড়িমারী স্থলবন্দরে ৬১টি ট্রাক ভারতীয় পাটবীজ নিয়ে আসার ৯ দিনেও চালকদের ফেরত নেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ঐ বন্দরে ১৪ দিন আটকে থাকার পর উভয় দেশের সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে গত ৪ এপ্রিল বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাটবীজগুলো বাংলাদেশে নিয়ে আসা হয়। কিন্তু পাটবীজগুলো খালাস করার পর থেকে ট্রাক ও চালকদেরকে নিজ দেশে ফেরত নেয়নি ভারত।

ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাজেন্ট সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার বলেন, করোনা ভাইরাস আতঙ্ক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় গাড়ি ও চালকদের প্রবেশে বাধা দিচ্ছে কর্তৃপক্ষ।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, চালকদেরকে ফেরত না নেওয়ার বিষয়টি ভারতীয় দূতাবাস ও কোচবিহার জেলা শাসককে (ডিএম) জানানো হয়েছে। উনারা কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছেন এখনো কোনো নির্দেশনা আসেনি।