হস্তক্ষেপ সহিংসতা এবং বাধা ছাড়া যেন মানুষ ভোট দিতে পারে —ব্রিটিশ হাই কমিশনার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৬

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেছেন, আমি আমাদের মিনিস্টাররা এবং অন্যান্য আন্তর্জাতিক সহযোগী রাষ্ট্রগুলো চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সকল দলের সক্রিয় অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। যাতে সবকটি দল স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারে। তাদের সমর্থকরা প্রকাশ্যে চলাচল করতে পারে এবং ভোটাররা ভোট দিতে পারেন। নির্বাচনের দিন এটাই দেখার বিষয় হবে যে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারছেন কিনা এবং আমরাও এটাই আশা করি। ব্রিটিশ রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের বন্ধু হিসেবে এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই সম্ভাব্য সেই নির্বাচন প্রক্রিয়া যেখানে বাংলাদেশের মানুষ কোনো ধরনের হস্তক্ষেপ, সহিংসতা এবং বাধা ছাড়া ভোট দিতে পারে। নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি। সিলেটে উত্সবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই।

গত বৃহস্পতিবার সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন ও বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। ব্রিটিশ হাই কমিশনার বলেন, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অর্থায়নে প্রায় ৫০০০ দেশীয় পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করবে। ড. মোমেন ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের ব্যাপারে বলেন, নির্বাচনে ঈদের মতো উত্সব হচ্ছে। অ্যালিসন ব্লেইকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি জানিয়েছি নৌকার প্রচার-প্রচারণায় বিরোধী দল বিভিন্নভাবে বাধা প্রদান করছে। এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি। আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসলে দেশে কি কি উন্নয়ন হবে তাও ব্রিটিশ হাই কমিশনারকে অবগত করা হয়েছে বলে জানান ড. মোমেন।