ব্রাহ্মণবাড়িয়া-২ আসন

শ্বশুরের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রেজাউল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৬

অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনের জাপার প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাড. রেজাউল ইসলাম ভুঁইয়া। সমর্থন দিয়েছেন জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দুইবারের এমপি অ্যাড. জিয়াউল হক মৃধাকে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। রেজাউল বলেন, মহাজোট নেত্রী ও এরশাদ আমাকে লাঙ্গল প্রতীক মনোনয়ন দিয়েছেন। ব্যক্তিগতভাবে জিয়াউল হক মৃধা আমার শ্বশুর।

রাজনীতি ও মনোনয়নকে কেন্দ্র করে কাল্পনিক বিরোধ তৈরি হয়েছে। এটাকে যেভাবে রঙ্গিন করা হয়েছে। আমরা হতাশই হয়েছি।

সরাইল-আশুগঞ্জের আঃলীগ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজনের সাথে কথা বলেছি। সকলেই বলেছেন এখানে একটা অপশক্তির ষড়যন্ত্র করছে। এ অপশক্তিকে রুখে দিতেই আজকের এ সাংবাদিক সম্মেলন। রেজাউল বলেন, বৃহত্তর রাজনৈতিক স্বার্থে শেখ হাসিনা ও এরশাদের হাতকে শক্তিশালী করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে আমি জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।   যুবলীগের সভাপতি আশরাফ উদ্দিন মন্তুর সঞ্চালনায় বক্তব্য রাখেন— বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ইফতেখার আহমেদ চৌধুরী সজিব, জেলা জাপা নেতা মোঃ নাসির।

এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আঃলীগের সাবেক সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, আঃলীগ নেতা মুক্তিযোদ্ধা এ আই আর মনোয়ার উদ্দিন মদন, যুবলীগের সাবেক আহবায়ক মাহফুজ আলী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রমুখ।