করোনা আতঙ্কে নৌপথে মানুষের ফেরা ঠেকাতে কঠোর নৌপুলিশ

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত বেশি। এ কারণে আতঙ্কে নারায়ণগঞ্জ ও রাজধানী থেকে অনেকেই গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। তবে কেউ যাতে যেতে না পারে সেজন্য সড়কপথে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে আগেই। এবার নৌপথে পালানো ঠেকাতে নৌপুলিশ পাঁচটি জাহাজ মোতায়েন করেছে। গত শনিবার থেকে মুন্সিগঞ্জের মীর কাদিম, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, কলাগাছিয়া, গজারিয়ায় দুইটি জাহাজ, চাঁদপুরের হাইমচর, চররাজেশ্বর, হরিনা, নীলকমলে দুইটি জাহাজ ও পাটুরিয়া, আরিচা সংলগ্ন পদ্মানদীতে একটি জাহাজ অবস্থান করে দায়িত্ব পালন শুরু করেছে।

নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নৌপুলিশ কাজ করছে। জীবাণুনাশক দিয়ে নৌযানে করোনা ভাইরাস মুক্ত করা ও স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান দিয়ে নিয়মিতভাবে হাত পরিষ্কার করার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে আগেই। হাঁচি, কাশির সময় টিস্যু ব্যবহার এবং কেউ যেন ঘাট এলাকায় যত্রতত্র ঘুরে না বেড়ায় এ বিষয়টিও নজরে আনছে নৌপুলিশ। নদীপথে নজরদারি বাড়াতে পাঁচটি জাহাজ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।

নৌপুলিশ সূত্র জানায়, জাহাজগুলোর পাশাপাশি স্থানীয়ভাবে নৌপুলিশ স্টেশনের স্পিড বোট নিজস্ব জনবল নিয়ে কাজ করবে। করোনার সময় বড়ো বড়ো নৌযান বন্ধ থাকায় অনেকেই ছোটো ছোটো ট্রলারে নদী পার হতে চেষ্টা করছেন। যারা নিয়ম ভেঙে নদীতে যাতায়াত করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।