নবাবগঞ্জে ইউপি সদস্য আটক

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:৫২

১০ টাকা কেজির চালের

কার্ড বিতরণে বাণিজ্য

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের চালের কার্ড ও প্রতিবন্ধীসহ অন্য কার্ডের নামে বাণিজ্য করার অভিযোগে নয়নশ্রী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেকান্দার মিয়াকে (৬০) আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু জানান, শনিবার রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা থেকে তাকে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেকান্দার মিয়া ও তার ছেলে জাকির ও একই এলাকার বাবর আলী ওরফে বাবু সরকারি সহায়তার তালিকা তৈরি করেন। চালের কার্ড তৈরিতে খরচের কথা বলে অসহায় মানুষদের কাছ থেকে ৫০০ টাকা করে নেন তারা। এছাড়া প্রতিবন্ধী ও বিধবাসহ অন্য কার্ডের খরচ বাবদ দেড় থেকে ২ হাজার টাকা নেওয়া হয়। যারা টাকা দিতে পেরেছে শুধু তাদের কপালেই জুটেছে সহায়তার কার্ড। উপরোক্ত বিষয় নিয়ে ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে  মামলা হয়েছে। ইউএনও জানান, উপজেলার ২৮ ডিলারের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের বলা হয়েছে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না।