হতদরিদ্রদের জন্য দেওয়া সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি হয়ে যাচ্ছে। আর এসব কাজে জড়িয়ে পড়ছেন ইউপি চেয়ারম্যান-সদস্যসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনের মধ্যে দরিদ্রদের সহায়তার জন্য সরকার এসব চাল বরাদ্দ দিলেও অসত্ ও দুর্নীতিবাজদের কারণে তা সব দরিদ্র মানুষ পাচ্ছে না।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে কমপক্ষে ৩৯ মেট্রিক টন চাল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও জনপ্রতিনিধির বাসার মেঝে খুঁড়ে, আবার কোথাও অন্যত্র পাচারকালে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় আওয়ামী লীগের নেতা, জনপ্রতিনিধিসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
এদিকে ত্রাণ না পেয়ে অনেক জায়গায় বিক্ষোভ করেছে ত্রাণবঞ্চিতরা। ইউএনও-ইউপি চেয়ারম্যানকে ঘেরাও করা হয়েছে। এমনকি সরকারি ত্রাণবাহী ট্রাক লুটের খবরও পাওয়া গেছে।
মাটি খুঁড়ে চালের বস্তা উদ্ধার :ভোলা (দক্ষিণ) প্রতিনিধি জানান, লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ইউপি সদস্যের বসতঘরের মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে লালমোহন থানার পুলিশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা সাত বস্তা চাল উদ্ধার করে। এছাড়া ঐ ওয়ার্ডের গ্রাম পুলিশ শাহে আলমের ঘর থেকে আরো ছয় বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির। ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করলে তার বাবা সাবেক মেম্বার নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। ঘটনাস্থল থেকে সরকারি খাদ্য অধিদপ্তরের নাম লেখা সাতটি খালি বস্তা ও সাতটি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পাওয়া গেছে।
এক দিন আগে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ওমরের এলাকা থেকে বিভিন্ন বাড়িতে ও স-মিলে লুকিয়ে রাখা আরো ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ঐ ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমরসহ চার জনকে আসামি করে মামলা হয়েছে। ওমর মেম্বারকে পুলিশ গ্রেফতার করলে জেলহাজতে পাঠায় আদালত।
ত্রাণ লুটে নিল হতদরিদ্ররা :জামালপুর প্রতিনিধি জানান, শহরের মুকন্দবাড়ী এলাকায় ত্রাণের চাল ও আলু লুট করে নিয়েছে হতদরিদ্র কর্মহীন মানুষ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা জানিয়েছেন, সকালে সিংহজানী খাদ্যগুদাম থেকে ত্রাণের ৬০০ প্যাকেট চাল ও ৬০০ প্যাকেট আলু নিয়ে একটি ট্রাক বানিয়া বাজারে আসছিল। শহরের মুকন্দবাড়ী এলাকায় কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষ ট্রাকটি আটকে চাল ও আলু লুট করে। পরে ত্রাণসামগ্রী বহণকারী ট্রাকটি দ্রুত চলে যায়। ইতিমধ্যে প্রায় ১৫০ প্যাকেট ত্রাণ লুট হয়।
এ বিষয়ে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মনি বলেন, পৌরসভার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য চাল ও আলু সিংহজানী খাদ্যগুদাম থেকে নেওয়ার পথে লুটের ঘটনাটি ঘটে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষুব্ধরা বলেছেন, বিভিন্ন জায়গায় বারবার ধরনা দিয়েও তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি। তাই পেটের ক্ষুধা মেটাতে তারা এসব ত্রাণ লুট করেছেন।
২৫ টন চালসহ আওয়ামী লীগের নেতা আটক :আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা জানান, উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আল ইসরাইল জুবেলকে ২৫ দশমিক ৪৪ মেট্রিক টন সরকারি চালসহ আটক করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপীনাথপুর বাজারে তার গুদামে অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করে। জুবেল গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজের প্রভাষক। তিনি গোপীনাথপুর পূর্ব বাজার এলাকার মৃত নজির উদ্দীন মণ্ডলের ছেলে। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুবেলের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা হয়েছে।
২২৬ বস্তা চালসহ আটক ৭ :রাজশাহী অফিস জানায়, চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সরকারি ২২৬ বস্তা চালসহ সাত জনকে আটক করেছে। গতকাল ইউনিয়নের জোড়া বকুলতলা গ্রামে মন্টু মাস্টারের বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় একেকটি ৫০ কেজি ওজনের ২২৬ বস্তা সরকারি চাল বস্তা থেকে বের করে অন্য বস্তায় ভর্তি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে বস্তা সেলাই করার মেশিন জব্দ করা হয়। আটককৃতরা হলেন, চালের মালিক দাবিদার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফয়েজ উদ্দিনের ছেলে মেশবাহুল ও গণকা গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল এবং ৫ জন শ্রমিক। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, সরকারি চাল মজুত রাখার অভিযোগে দুই জন মালিককে গ্রেফতার দেখিয়ে নিয়মিত মামলা করা হবে।
চাল পাচারকালে গ্রেফতার ৩ :টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জানান, জেলার রাজৈর উপজেলার পশ্চিম সীমান্তে নয়াকান্দি স্লুইচগেট এলাকা থেকে রবিবার বেলা ১১টার দিকে হায়দার শেখ, বিদ্যুত শেখ ও ভ্যানচালক সাইদুল শেখকে ভিজিডির ১১ বস্তা চালসহ আটক করেছে রাজৈর থানা পুলিশ। আটক তিন জনের বাড়ি উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামে। আটক সাইদুল জানান, খালিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১১ বস্তা চাল নিয়ে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার শান্তিপুরে হায়দার শেখের চাতালে যাচ্ছিলেন।
ভিজিডির ৯০০ কেজি চালসহ আটক ৫ :আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের সামসু মিয়ার বাড়ির সামনে থেকে, আল আমিন মিয়ার গরুর খামার ও আলমনগর এলাকার নাজমুল মিয়ার চাতালকল থেকে ৯০০ কেজি ভিজিডির চালসহ ৫ জনকে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার। আটককৃতরা হলেন- চাতাল মালিক নাজমুল হক, আড়াইসিধা ভবানীপুর এলাকার শাহজাহান, শাহাবুদ্দিন, খামার মালিক আল আমিন ও ফারুক মিয়া। তাদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
১৫ বস্তা চালসহ ইউপি সদস্য আটক :কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা জানান, শনিবার রাতে উপজেলার ডাসার উত্তর চলবল ও উত্তর শশিকর থেকে ১৫ বস্তা (৭৫০ কেজি) চাল উদ্ধার করা হয়েছে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া জানান, ‘শেখ হাসিনার বাংলাদেশ—ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নবগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য উত্তম কুমার বিশ্বাসকে আটক করা হয়।
ত্রাণের দাবিতে চেয়ারম্যান অবরুদ্ধ :তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, ত্রাণের দাবিতে উপজেলার সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শত শত কর্মহীন ও অসহায় জনতা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সরুলিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। পরে পাটকেলঘাটা থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ সময় বিক্ষোভকারীরা জানান, করোনা ভাইরাসের কারণে কোনো কাজকর্ম না থাকায় তাদের তিনবেলা ভাত জুটছে না। আশপাশের ইউনিয়নগুলোর লোকজন ত্রাণসামগ্রী পেলেও তারা সেটাও পাননি।
ইউএনও অফিসে বিক্ষোভ
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান, রাত ৩টায় থেকে লাইন দিয়েও ১০ টাকা কেজি দরে চাল না পেয়ে চালের দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন শতাধিক নারী-পুরুষ। পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, চাহিদানুযায়ী চাল বরাদ্দ না থাকায় এমন অবস্থার সৃষ্টি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, যারা চাল পাচ্ছেন না, আগামীতে যেন তারা চাল পান সে ব্যবস্থা করা হবে।
জঙ্গল থেকে চাল উদ্ধার :বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, শনিবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের মুজম্মিল আলীর বাড়ির পাশের জঙ্গল থেকে প্লাস্টিকের বস্তাভর্তি ১২২ কেজি চাল ও খাদ্য অধিদপ্তরের ৮টি খালি বস্তা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
যুবলীগ নেতাসহ আটক ২ :রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা জানান, ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির দায়ে গতকাল দুপুরে উপজেলার উত্তরবাখরনগর বাজার থেকে রফিকুল ইসলাম নামে এক ডিলার ও হতদরিদ্রদের চাল ক্রয় করায় হালিম মিয়া নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ডিলার রফিকুল ইসলাম উত্তরবাখরনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. বুলবুল আহম্মেদ বাদী হয়ে মামলা করেছেন।
