আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় কারাবন্দি পাঁচ আসামির ফাঁসি কার্যকরের পর আমাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল পলাতক আসামিদের ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি, এটা অনেক স্বস্তির বিষয়।’ বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকরের পর গতকাল রবিবার এক প্রতিক্রিয়ায় গুলশানের সরকারি আবাসিক অফিস থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করব। গত রাতে ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকরের মাধ্যমে এই প্রতিশ্রুতির কিছুটা হলেও বাস্তবায়ন করেছি।’ তিনি বলেন, ‘আমাদের কাজ শেষ হয় নাই। এখনো যারা পলাতক আছে তাদের ধরে এনে এই রায় কার্যকর করার পর বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের বাস্তবায়ন সম্পূর্ণ হবে।’ আইনমন্ত্রী বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করছি যে বঙ্গবন্ধুর অবশিষ্ট পলাতক খুনিদের এই বাংলার মাটিতে ফিরিয়ে এনে আমাদের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় কার্যকর করব ইনশাআল্লাহ।’
