ত্রাণ বিতরণে অনিয়ম

ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য সাময়িক বরখাস্ত

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০০:৩৬

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল রোববার উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া কেন চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না, তার জবাব ১০ কার্যদিবসের মধ্যে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আফসারের বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় বরাদ্দ ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে। অন্যদিকে নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহিন শাহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল বিতরণ না করে অন্যত্র বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার কর্তৃক প্রদত্ত ত্রাণ বিতরণ না করে আত্মসাত্ এবং গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে।