দুই সপ্তাহ বাক্রুদ্ধ হয়ে বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন মাহমুদ। দীর্ঘদিন অসুস্থ থাকা এই শিল্পী কিছুদিন ধরে গুরুতর অসুস্থ। গুণী এই আবৃত্তিশিল্পীর পরিবার তার পরিপূর্ণ চিকিত্সার ভার নিতে পারছে না। পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করা হয়েছে। তার মেয়ে সঙ্গীতা বহ্নি অরণী ইত্তেফাকের মাধ্যমে এ আহ্বান জানান।
সঙ্গীতা বহ্নি অরণী জানান, তারিক সালাহউদ্দিন মাহমুদ ব্রেইন ইনফেকশনে ভুগছেন। ক্রমেই তার ব্রেইন ছোটো হয়ে আসছে, কিডনির কার্যকারিতা লোপ পাচ্ছে। হার্ট অ্যাটাক, হার্ট ব্লকসহ দুই চোখে ছানি রয়েছে। বর্তমানে তিনি স্ট্রোক করে প্যারালাইজড। কিছু খেতে পারেন না। শুধু তাকিয়ে তাকিয়ে কাঁদেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার প্রকোপ দেখা দিলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
মেয়ে সঙ্গীতা বহ্নি অরণী জানান, ১৯৬৮ সালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারিক সালাহউদ্দিন মাহমুদের আবৃত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এতটাই ভালো লাগে যে তিনি পাকিস্তান টেলিভিশনে আবৃত্তি অনুষ্ঠান করার ব্যবস্থা করে দেন, যার প্রযোজক ছিলেন প্রয়াত কবি শহীদ কাদরী। বহ্নি বলেন, ‘আব্বার অবস্থা ভালো না। কখন কী হয়ে যায় বলা যায় না। অসুস্থ বাবা-মাকে নিয়ে তিনি ময়মনসিংহে বাস করেন। মা-ও স্ট্রোক করেছেন দুবার। আবার তার ১৫ মাসের বাচ্চাও আছে। সব মিলিয়ে তিনি বুঝতে পারছেন না কী করবেন। তাই সরকার সাহায্য করলে হয়তো আরো কিছুদিন বাবার চিকিত্সা চালিয়ে যাওয়া সম্ভব হবে।’
