মোনাজাত উদ্দিন
আজ একুশে পদকপ্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার পরিবার ও ভাইদের পরিবারের পক্ষ থেকে দোয়া কামনাসহ অন্যান্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে মোনাজাত উদ্দিনের গৌরবময় অবদান সর্বমহলে স্বীকৃত। দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে তিনি প্রান্তিক মানুষের সুখ-দুঃখের গাঁথা প্রতিবেদন রচনা করেছিলেন।
হাসানুল হক হাসান
আজ পলাশ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান সাহেবের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠন এবং ঘোড়াশাল পৌরসভার সকল মুক্তিযোদ্ধা সকাল ১১টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং আত্মার মাগফেরাত কামনা করবেন। বিকাল ৪টায় ঘোড়াশাল ডাকঘর অফিসের সামনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলে শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
ফজলুর রহমান
দৈনিক নীলফামারী বার্তা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, দৈনিক ইত্তেফাক ও নিউনেশনের নীলফামারী জেলা প্রতিনিধি এবং নীলফামারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফজলুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার বাসভবন শাহীপাড়ায় কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত এবং বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
