সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খোলা ট্রাকে পণ্য বিক্রয়ের সময় কোনো ধরনের অনিয়ম হলে তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইনে ১৬১২১ সরাসরি অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল অধিদপ্তরের মোবাইল টিম টিসিবি ট্রাক সেলের মাধ্যমে নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রমের তদারকি করে। এ সময় ভোক্তাদের এ পরামর্শ দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। গতকাল ঢাকা মহানগরীর মগবাজার, রামপুরা কাঁচাবাজার, আগারগাঁও তালতলা বাজারসহ মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পূর্ব পাশে অবস্থিত স্বপ্ন সুপারশপে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাল, ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল এবং ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে, পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, অধিক মূল্যে উক্ত পণ্য বিক্রয় না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। অভিযানে পণ্যের মূল্য তালিকা যথাযথ প্রদর্শন না করার অপরাধে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হ্যান্ড মাইকে স্বাস্থ্যবিধিসহ সরকারের নির্দেশনা মেনে চলার জন্য ক্রেতাদের প্রতি অনুরোধ জানানো হয়।
