রাজশাহী জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী (৫০) শনাক্ত হয়েছে পুঠিয়ার উপজেলার জিউপাড়া ইউপির বগুড়াপাড়া গ্রামে।
এই ঘটনা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণার পর মুহূর্তেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্তের বাড়ির আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছেন স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তি যাদের সঙ্গে মিশেছেন, তাদেরকে লকডাউনের আওতায় আনা হয়েছে।
বিষয়টি রবিবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ব্যক্তি গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে মাছের ট্রাকে ঢাকা হয়ে বাড়িতে এসে আত্মগোপন করেছিলেন। এরপর তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। কিন্তু তার শরীরে জ্বর ছিল না। গত ৯ এপ্রিল পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তার অন্যান্য উপসর্গের কথা শুনে নমুনা সংগ্রহ করা হয়। এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে পরীক্ষার পর রবিবার বিকেলে তার করোনা পজেটিভ রিপোর্টের বিষয়ে নিশ্চিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক। এছাড়া পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ বলেন, আক্রান্ত রোগি বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন। তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দ্রুত রামেক হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে।
ইত্তেফাক/এমআরএম
