সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দমন করা হবে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩৩

র্যাবের মহাপরিচালক বেনজীর আহম্মেদ বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের কঠোর হস্তে দমন ও সুষ্ঠু ভোট প্রদান নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মটা সাহার বাড়ি পুন:নির্মাণ করে চাবি হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন আসলে এক শ্রেণির মানুষ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে এটা খুবই দু:খজনক। যারা এই কাজ করে তারা জাতির জন্য কলঙ্ক।

তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। ভোটে যদি কেউ শান্তি ভঙ্গ করে তাদের  কঠোরভাবে দমন করা হবে। সংখ্যালঘুদের ওপর যাতে কোন প্রকার অরাজকতা না হয় সেজন্য দেশব্যাপী র্যাবের পক্ষ থেকে বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

পরে র্যাব মহাপরিচালক এক সম্প্রীতি সমাবেশে যোগ দেন। এ সময় আরো বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, র্যাব-১৩ এর অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

র্যাব-১৩ নিজস্ব অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি ঘর পুন:নির্মাণ করেছে। ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রীও প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় মটা সাহার বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ২৩ ডিসেম্বর থেকে দিনাজপুর র্যাব-১৩ এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পুন:নির্মাণ ও এলাকায় নজরদারি শুরু করে।