নিউইয়র্কে 'বাংলাদেশিদের' গণকবর দেয়া হচ্ছে না (সংশোধনী)

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১১:৫১

নিউ ইয়র্কে গণকবর দেয়ার বিষয়টি বিবিসি, স্কাই নিউজসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে আসলেও সেখানে মারা যাওয়া কোন বাংলাদেশিকে গণকবরে দেয়া হয়নি। 'নিউইয়র্কে করোনা আক্রান্তদের গণকবরে দেয়া হচ্ছে' এমন শিরোনামে আন্তর্জাতিক খবরের বদলে তা ভুল বশত 'নিউইয়র্কে করোনা আক্রান্ত বাংলাদেশিদের গণকবরে দেয়া হচ্ছে' বলে প্রকাশ করা হয়।

এ খবরটির তথ্যগত ভুল যাচাই শেষে তা প্রতিস্থাপন করা হয়েছে। নিউইয়র্কে নিযুক্ত দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত কোন বাংলাদেশিকে গণকবরে দেয়ার কোন তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে কমিউনিটির মানুষজন লাশগুলো সৎকারের জন্য কাজ করছেন।

বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ জানান, এখন পর্যন্ত সোসাইটির কবরস্থানে ৬৪জন বাংলাদেশির লাশ দাফন করা হয়েছে।

নিউইয়র্ক মেয়র অফিসের উদ্ধৃতি দিয়ে মাজেদা উদ্দিন ইত্তেফাককে জানিয়েছেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ কোনো মুসলমানের মরদেহ হার্ট আইল্যান্ডে নিচ্ছে না। অন্যান্য যেসব মরদেহ হাসপাতাল থেকে কেউ নিতে আসছে না নির্দিষ্ট সময়ের পরে সেসব মরদেহহার্ট আইল্যান্ডের অস্থায়ী গণকবরে রাখা হচ্ছে। কেউ দাবি করলে সেখান থেকে মরদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হচ্ছে। একেবারেই কেউ দাবি না করলে স্থায়ীভাবে কবরে রাখা হচ্ছে। তিনি জানান, হাসপাতাল হোক, আর ফিউনারেল হোম হোক, কোথাও মরদেহ রাখার জায়গা নেই।

অবশ্য নিউইয়র্কে কতজন বাংলাদেশি মারা গেছেন তা নিয়ে সরকারিভাবে কোন ঘোষণা দেয়া হয়নি। স্থানীয় কমিউনিটির মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ইত্তেফাক/আরএ