ঘরেই কাটুক বৈশাখ

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২০:০১

 নওশীন শর্মিলী

 

করোনার কারণে এবার পহেলা বৈশাখের সব অনুষ্ঠানই বন্ধ রাখতে বলেছে সরকার। নিজের এবং অন্যদের মঙ্গলের কথা ভেবে তাই ঘরেই যাপন করতে পারেন বৈশাখ। ঐতিহ্যবাহী রীতিতে নববর্ষ উদ্যাপন বন্ধ থাকলেও আপনি চাইলে ডিজিটাল পদ্ধতিতে গান-বাজনা—উত্সব করতে পারেন। পরিবারের সদস্যদের মন ভালো রাখতে ঘরেই আয়োজন করুন বৈশাখী আসর। এই দিনে ঘরেই সাজুন দেশি পোশাকে। আলমারি খুলে নিজের পছন্দের প্রিয় বৈশাখী শাড়িটির ভাঁজ এবার খুলুন। ভালো করে পরিষ্কার করে নিন পরে নেওয়ার আগে। গরম পড়তে শুরু করেছে। ম্যাটেরিয়াল তাই হতে পারে সুতি। রং বৈশাখের লাল-সাদা চিরন্তন হলেও রীতি ভাঙতে দোষ নেই। গয়নায়ও বেছে নিতে পারেন হাতে বানানো সুতা বা কাঠের গয়না। শাড়ির সঙ্গে বাড়িতে হাত খোঁপাই মানাবে বেশি। মনে রাখবেন, নতুন পোশাক বা সাজে মন ভালো থাকে। তাই ঘরেই একে অন্যকে সাজিয়ে দিন। ছোটদের আনন্দ বেশি। তাদেরকে বৈশাখী সাজে সাজিয়ে দিন। নিজেরাও ভালো কাপড় পরে নিন। শুধু সাজলেই হবে না। ঘোরাঘুরির সুযোগ নেই, তাতে কি। নিজেদের ছবি তুলে ফেসবুকে শেয়ার করুন। সবার সঙ্গে ভিডিও কলে আড্ডা দিন। বৈশাখের দিনে ডাইনিং টেবিলটাও সাজাতে পারেন বৈশাখী ঢঙে। মাটির থালা-বাসন থাকলে সবচেয়ে ভালো। সবাই মিলে বৈশাখী ঢংয়ে পুরো বাসা সাজিয়ে ফেলুন। এমন আয়োজন কয়েক দিনের একঘেয়ে জীবনে আনবে ভিন্নতা।

 

মডেল অন্তরা    মেকআপ রাতুল    পোশাক শ্যাডো    ছবি সাগর হিমু