স্পোর্টস ডেস্ক
সম্প্রতি বাংলাদেশকে বড়ো ব্যবধানে হারালেও বড়ো কোনো সাফল্য নেই পাকিস্তানের। তবে, শিগিগরই এই সংকট কাটিয়ে উঠতে মরিয়া পাকিস্তান দল। এরই মধ্যে পাকিস্তানকে টেস্ট র্যাংকিংয়ের চূড়ায় ওঠানোর ঘোষণা দিলেন অধিনায়ক আজহার আলী।
আজহার দায়িত্ব নিয়েছেন খুব বেশিদিন হয়নি। তিনি এক ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো ভয়ডরহীন ক্রিকেট খেলা। লক্ষ্য হলো পাকিস্তানকে টেস্টের এক নম্বর দলের স্বীকৃতি এনে দেওয়া। এর জন্য আমাদের দেশের মাটিতে অতিমানবীয় ক্রিকেট খেলতে হবে। আর দেশের বাইরেও নিজেদের প্রমাণ করতে হবে।’
কোভিড-১৯-এর কারণে বিশ্ব জুড়ে ক্রিকেট একরকম বন্ধই হয়ে গেছে। আর আইসিসির চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপকে ঘিরে আছে শঙ্কা। আর এই অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় বাড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছেন না পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, সূচি অনুযায়ী সদস্য দলগুলোর টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো শেষ করা কঠিন হবে। তাই আশা করি, আইসিসি এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময় বাড়াবে, যেন সব সদস্য দেশ তাদের ম্যাচগুলো শেষ করতে পারে। সেটাই ঠিক হবে।’
২০২১ সালের জুনে লর্ডসে হওয়ার কথা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে দেওয়ার পক্ষে আজহার। এর আগে পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হকও একই সুরেই কথা বলেছিলেন।
ক্রিকেটের স্বার্থে প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামেও খেলা হতে পারে বলে মত দিলেন আজহার। তবে, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে কোনো আপস করার পক্ষে নন তিনি। বললেন, ‘দুর্ভাগ্যক্রমে খেলাধুলার ভক্তরা কোনো খেলাই দেখতে পারছে না, এমনকি টিভিতেও। দর্শকশূন্য মাঠে খেলা হলে তা অন্তত কিছু ক্রিকেট দেখার সুযোগ করে দেবে। তবে মানুষের স্বাস্থ্যের ব্যাপারে আপস করা উচিত হবে না।’
জানিয়ে রাখা ভালো, আগামী ৩০ জুলাই শুরু হওয়ার কথা ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এদিকে আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজের ভাগ্যও তাই ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য বসে নেই। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য ঘরে বসেই ফিটনেস টেস্টেও ব্যবস্থা করা হয়েছে।
