স্পোর্টস ডেস্ক
শেষ কিছু দিনে লাওতারো মার্টিনেজের বার্সেলোনায় যোগ দেয়া নিয়ে সপ্যানিশ গণমাধ্যমে আলোচনা চলছে বেশ। সম্প্রতি এ আগুনে আরেকটু হাওয়া দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের এজেন্ট সার্জিও জারাতে। জানালেন, লাওতারোর বার্সেলোনায় যোগ দেওয়ার দারুণ সম্ভাবনাই আছে।
ইন্টার মিলানের এই স্ট্রাইকারকে পেতে ইতিমধ্যেই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির লড়াই শুরু হয়ে গেছে বলে গুঞ্জন ইউরোপীয় সংবাদ মাধ্যমে। এসব ইউরোপীয় পরাশক্তিদের ভিড়ে বার্সেলোনাকে এগিয়ে রাখছে দলে লাওতারোর স্বদেশি মহাতারকা লিওনেল মেসির উপস্থিতি, অভিমত জাতাতের। ফক্স স্পোর্টস মেক্সিকোকে দেওয়া এক সাক্ষাত্কারে জারাতে বলেন, ‘দিনশেষে ব্যাপারটা খেলোয়াড়ই নির্ধারণ করে। তবে তার বার্সায় যোগ দেয়ার বড়ো সম্ভাবনাই আছে। সেখানে লিওনেল মেসি আছে। আমার মনে হয় সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলার ব্যাপারটা তার বার্সায় যাওয়ার সম্ভাবনাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে।’ ইন্টার মিলান সহসভাপতি হ্যাভিয়ের জানেত্তি দিন দুয়েক আগে লাওতারোকে রেখে দেওয়ার ব্যাপারে মন্তব্য করেছিলেন। কিন্তু জারাতে জানালেন বড়ো দলগুলো চাইলে জানেত্তির চাওয়া অপূর্ণই থেকে যাবে। তিনি বলেন, ‘তাদের ইচ্ছামতো ভাবতে পারে তারা। কিন্তু দিন শেষে বাজারই সবকিছু নির্ধারণ করে। যখন ইউরোপের পরাশক্তিরা কোনো খেলোয়াড়কে চায়, তারা সর্বস্ব দিয়ে হলেও খেলোয়াড়টাকে কিনতে চায়।’
