স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের প্রবল সংক্রমণে ক্ষতিগ্রস্তদের পাশে নানাভাবেই এগিয়ে আসার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে ক্রিকেটারদের ও বিসিবি কর্মীদের একটা এককালীন সহায়তা দিয়েছে বিসিবি। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে এই সংকটে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের মধ্যে খাবার বিলি করার। গতকাল এই খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সুজন বলেছেন, তারা ধাপে ধাপে মানুষের পাশে থাকার ব্যাপারটি করতে চাইছেন। প্রথমে ক্রিকেটারদের জন্য কিছু করেছেন। এখন দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তিনি বলছিলেন, ‘আমাদের নীতিগত সিদ্ধান্তই ছিল যত বেশি মানুষের পাশে সম্ভব, থাকতে হবে। সেই লক্ষ্যে আমরা প্রথমে ক্রিকেটারদের এককালীন সহায়তা দেই। এরপর বিসিবিতে যারা কম বেতনের কাজ করেন, তাদের কিছু সহায়তা দেওয়া হয়েছে। এবার সাধারণ মানুষের পাশে থাকতে চাচ্ছি আমরা।’
বিসিবির অন্য একটি সূত্র জানিয়েছে, কমপক্ষে ২০ হাজার খাবারের প্যাকেট বিলি করতে চান তারা। এই প্যাকেটের মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিস থাকবে। এই বিলি করার কাজটা কীভাবে ও কবে থেকে হবে, সেটা এখনো নিশ্চিত করতে পারেনি বিসিবি। সুজন বলছিলেন, ‘আমরা এখন তহবিল একত্র করার পর্যায়ে আছি। এরপর সিদ্ধান্ত নেব যে, কবে থেকে ও কীভাবে এটা বিলি করা হবে। তবে কাজটা সারা দেশেই হবে, এটা নিশ্চিত করা যায়।’
বিসিবির থেকে জানা গেছে যে, যেসব এলাকায় করোনা ভাইরাসের উপদ্রব বেশি, সেখানে এই বিলি করার কাজটা আগে করা হবে।
