স্পোর্টস ডেস্ক
অনেকের চোখে বিরাট কোহলিই এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। সেই তুলনায় বাবর আজম এখনো প্রতিভাবান আর পরিশ্রমী একজন ক্লাসিক ব্যাটসম্যান। যদিও, পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা মনে করেন, ভারতের অধিনায়ককে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে পাকিস্তানের অধিনায়কের।
দ্য ডনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘বাবর আজমের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। সে বিশ্বমানের ক্রিকেটার। বিরাট কোহলি ও স্টিভ স্মিথের সঙ্গে তুলনায় বাবর আজম সম্পর্কে কেউ আমাকে জিজ্ঞাসা করলে বলব, সে কোহলির চেয়েও ভালো করার সামর্থ্য রাখে। তবে এজন্য তার দরকার অনুকূল পরিবেশ এবং খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরার স্বাধীনতা।’
টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরে র্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান বাবর। ওয়ানডে র্যাঙ্কিংয়ে আছেন ৩ নম্বরে। টেস্টে একটা সময় রেকর্ড বিবর্ণ থাকলেও গত কিছুদিনে এই সংস্করণে ভালো করছেন ২৫ বছর বয়সি এই খেলোয়াড়। নিজেকে তুলে এনেছেন র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে।
এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কোচ মিসবাহ উল হক ও অধিনায়ক বাবর আজমকে তারুণ্য নির্ভর দল গড়ার পরামর্শ দিয়েছেন ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাট হচ্ছে তরুণদের জন্য। আমি জানি না, তারা কেন এই সময় এসে সিনিয়রদের দলে নিচ্ছে। আমাদের দলে অনেক তরুণ আছে, যারা সাদা বলের ক্রিকেট ইতোমধ্যে খেলেছে। তাদের এখন সুযোগ দিলে তারা পরের বিশ্বকাপের আগে দলে নিজেদের জায়গা পাকা করে নিতে পারবে।’
