স্পোর্টস ডেস্ক
বাড়তি ওজনের কারণে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডকে। সে ওজন কমাবেন কি, হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে বেড়েই যে চলেছে সেটা! সম্প্রতি এক সাক্ষাত্কারে জানালেন, রান্নাঘরে যাওয়া থেকে নিজেকে আটকাতে রীতিমতো বেগই পেতে হচ্ছে তাকে! বেলজিয়ান এক টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এটা আমার জন্য জটিল এক ব্যাপার। খুব বেশি যেন না খাই—সে ব্যাপারে খেয়াল রাখছি। রান্নাঘরে গিয়ে বেশি বেশি বিস্কুট কিংবা রুটি যেন না খেতে পারি সে চেষ্টাটা করছি, কিন্তু এটা মোটেও সহজ নয়!’ করোনা ভাইরাসে ফুটবল যখন স্থগিত, আর সব ফুটবলারই ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত ব্যক্তিগত অনুশীলন করে যাচ্ছেন। চোট কাটিয়ে মাঠে ফিরতে মরিয়া হ্যাজার্ডও লড়ছেন ফিটনেস ফিরে পেতে। তিনি বলেন, ‘সুস্থতা ফিরে পেতে অনলাইনে প্রতিদিনই ফিজিওর কাজ করছি। সে এখন আর এখানে আসতে পারে না কারণ সে অসুস্থ এবং তাকে ঘরে থাকতে হবে, কিন্তু সে ঘর থেকে ভিডিও পাঠানো চালিয়ে যাচ্ছে।’
