গারোপাহাড়ের ইকোপার্কের বন্য পশু লোকালয়ে!

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২১:১২

শূকরের আক্রমণে নারীর মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার গারোপাহাড়ের ইকোপার্কে লোকজনের কোলাহল না থাকায় খাদ্যের সন্ধানে জঙ্গলের পশুগুলো লোকালয়ে চলে আসছে। এমতাবস্থায়, রবিবার পার্কের ভেতরে লাকড়ি কাটতে গিয়ে বন্য শূকরের আক্রমণে প্রাণ হারিয়েছেন আমেনা খাতুন নামে এক নারী। নিহত আমেনা খাতুন পূর্ব সমশ্চুড়া গ্রামের হাবিবুর রহমানে স্ত্রী। গুরুতর আহত হয়েছেন, একই গ্রামের গৃহবধূ মোমেনা বেগম, তার ছেলে রিয়াদ ও লক্ষ্মীকুড়া গ্রামের সোহরাব আলীর স্ত্রী কোহিনূর বেগম। আশঙ্কাজনক অবস্থায় এদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।