সিলেট অফিস
সিলেটের ওসমানী হাসপাতালে এক প্রসূতি মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের গাইনি বিভাগে ভর্তি রয়েছেন। ঐ নারী চার দিন আগে হাসপাতালে ভর্তি হন এবং সন্তান প্রসব করেন। পরে করোনা উপসর্গ দেখা দিলে তার শরীরের স্যাম্পল সংগ্রহ করলে সোমবার করোনায় পজিটিভ ধরা পড়ে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, বিদ্যমান পরিস্থিতিতে হাসপাতালের গাইনি ওয়ার্ড বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা চলছে। ঐ নারী সুনামগঞ্জে যাদের সংস্পর্শে ছিলেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুটি সুস্থ আছে বলে জানান ডা. আনিস।
