নরসিংদীতে ডাক্তার-সাংবাদিকসহ ১৬ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২১:১৪

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে এক দিনেই ১৬ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে সাংবাদিক এবং সিভিল সার্জন অফিসের কর্মচারীসহ ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত। সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস জানান, রবিবার নরসিংদী থেকে করোনা উপসর্গ সন্দেহভাজন ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার ফলাফলে ১৬ জনের করোনা পজিটিভ আসছে। এরই মধ্যে এক জন চিকিত্সকসহ সাত জন সিভিল সার্জনের অফিসের, এক জন সদর উপজেলা স্যানিটাইজার অফিসার, এক জন সাংবাদিক ও এক জন মনোহরদীরসহ মোট ১৬ জন। এ নিয়ে জেলায় মোট ২১ জন করোনা রোগী শনাক্ত হলো।

হাসপাতালকে করোনা চিকিত্সাকেন্দ্র ঘোষণা

এদিকে নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদী শহরের বাসাইল এলাকার ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিত্সা কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন।