আগামীকাল রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। জীবিকার তাগিদে ঢাকায় বসবাসরত কর্মজীবীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় যাচ্ছেন। একই সঙ্গে টানা তিনদিনের ছুটি পেয়ে অনেকে ছুটে চলছেন গ্রামের বাড়ি। ফলে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় ছিল নগরীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমন দৃশ্য সাধারণত ঈদের সময়ই দেখা মেলে। রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে ছিল এ চিত্র। অপর দিকে নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা এড়াতে ট্রেন চলাচলে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ঢাকায় বসবাসকারী দুই কোটি মানুষের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ অস্থায়ীভাবে বসবাস করেন। যাদের সিংহভাগই নিজ এলাকায় ভোটার। ফলে আসন্ন নির্বাচনে ভোট দিতে রাজধানী ছেড়ে তারা নিজ এলাকায় যাচ্ছেন।
নগরীর বিভিন্ন বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সকালে রাজধানী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ভালো পরিবহনের বাস কাউন্টারগুলোতে পাওয়া যায়নি টিকিট। আগাম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় অনেকে বাড়ি ফিরছেন বিভিন্ন রুটে পরিচালিত লোকাল সার্ভিসে। আর আগাম টিকিট কাটা যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়েই বাস ছেড়ে যাচ্ছে।
ভোটের দিন আগামীকাল রবিবার সরকারি ছুটি হলেও রাজধানী ছাড়া দেশের বিভিন্ন এলাকার ভোটাররা ভোটের আগে পরে নিয়েছেন অতিরিক্ত ছুটি। গতকাল সাপ্তাহিক ছুটি থাকায় বাড়ি ফেরার মূল চাপটা বেশি ছিল বৃহস্পতিবার রাতেই। তবে অতিরিক্ত ভাড়া, নির্ধারিত সময় পর বাস ছাড়া বা অন্য কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি । এছাড়া রাস্তায় কোনো যানজটের খবরও পাওয়া যায়নি।
গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুর থেকে যশোর, খুলনা, কুষ্টিয়া, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, কক্সবাজার, উত্তরবঙ্গসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাস ছেড়ে যায়। গাবতলীর খুলনা, চট্টগ্রাম ও সিলেটগামী সোহাগ পরিবহনের কাউন্টার ম্যানেজার শরীফ আহমদ জানিয়েছেন, ঈদের চার থেকে পাঁচদিন আগে ঠিক যে রকম চাপ থাকে, সে রকম যাচ্ছে এই নির্বাচন উপলক্ষে। বৃহস্পতিবার সকাল থেকে গতকাল পর্যন্ত কোনো আগাম টিকিট খালি ছিল না। সব বিক্রি হয়ে গেছে।
মহাখালী বাস টার্মিনালে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের উদ্দেশে ছেড়ে যাওয়া একতা পরিবহনের কাউন্টার ম্যানেজার স্বপন জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ঈদের মতো করে নির্দেশনা দেওয়া হয়েছে। বাসের ছাদে অতিরিক্ত যাত্রী যেনো পরিবহন না করা হয় এ জন্য কড়া নির্দেশনা রয়েছে।
ময়মনসিংহ অভিমুখী এনা পরিবহনের যাত্রী সুমাইয়া বলেন, ঢাকা শহরে একেবারেই জ্যাম নেই। খুব দ্রুত মহাখালি বাস টার্মিনালে এসে পৌঁছেছি। ভোট দেওয়ার জন্যই বাড়িতে যাওয়া, তবে মনে হচ্ছে ঈদের ছুটিতে যাচ্ছি।
যাত্রীদের চাপ বেড়েছে কমলাপুরে
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে অস্থায়ীভাবে বসবাসকারী নাগরিকরা ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছেন, তাই কমলাপুরে রেলযাত্রীর চাপ বেড়েছে। কমলাপুর স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে যায় রংপুরগামী রংপুর এক্সপ্রেস। ওই ট্রেনের যাত্রী হাবিবুর রহমান বলেন, ভোট প্রদান করা আমাদের নাগরিক দায়িত্ব।
রেলওয়ের বাড়তি নিরাপত্তা
নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা এড়াতে রেল চলাচলে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিগত বিভিন্ন সময়ে সহিংসতার কারণে রেলওয়ের ওপর নাশকতার বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিহির কান্তি গুহ বলেন, বাংলাদেশ রেলওয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
