নারায়ণগঞ্জে করোনা রোগীর চিকিত্সা সেবা শুরু

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২২:১০

হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ

রাজধানীর পর এই প্রথম নারায়ণগঞ্জে করোনা চিকিত্সার পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করা হয়েছে। করোনা আক্রান্তের আউটডোর সেবা ও পরামর্শ প্রদানের জন্য শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সীমিত কার্যক্রম শুরু করা হয়েছে। লিমিটেড আউটডোর সার্ভিস নামে এ সেবা শুধু করোনা রোগীদের প্রদান করা হবে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়। এতে তিন শিফটে ২৪ ঘণ্টাই একজন করে মোট তিন জন ডাক্তার ও দুই জন করে মোট ছয় জন নার্স দায়িত্ব পালন করবেন। এছাড়া হাসপাতালটি করোনা রোগীদের জন্য আইসোলেট হাসপাতাল হিসেবে প্রস্তুত করতে কাজ চলছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই এ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছেন হাসপাতালের চিকিত্সা তত্ত্বাবধায়ক ও উপপরিচালক (স্বাস্থ্য) ডা. গৌতম রায়।

তিনি জানান, সকাল থেকেই এখানে করোনা আক্রান্ত রোগীদের সীমিত আকারে সেবা দেওয়া হচ্ছে। এখান থেকে তাদেরকে বিভিন্ন আউটডোর চিকিত্সাসেবা দেওয়া হবে, পরামর্শ প্রদান করা হবে এবং বিশেষ জরুরি প্রয়োজনে তাদেরকে ঢাকায় পাঠানো হবে। তবে এখান থেকে স্যাম্পল কালেকশন কিংবা টেস্ট করানো হচ্ছে না। তিনি আরো বলেন, ৩০০ শয্যায় পাঁচ শয্যার চিকিত্সাসেবা দানের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে তবে ভেন্টিলাইটেশন না থাকায় এখানে উন্নত চিকিত্সা দেওয়া এখনো সম্ভব নয়। এ জন্য জরুরি রোগী হলে ঢাকায় পাঠানো হবে। হাসপাতালে ১১ এপ্রিল ঢাকা থেকে বিশেষ টিম এসেছিল তারা পুরো প্ল্যান করে দিয়ে গেছে। সে অনুযায়ী অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুতই কাজ করা হচ্ছে। এখানে ১০টি আইসিইউ-এর সঙ্গে ভেন্টিলেশনসম্পন্ন শয্যা এবং ৪০টি আলাদা শয্যার ব্যবস্থা করা হচ্ছে। আসলে আইসোলেটেড হাসপাতাল করতে অনেকগুলো কাজ করতে হয়। এখানে তো একটি সাজানো বেড (শয্যা) অন্য স্থানে সরালেই হবে না, পুরো ভবনটিতেই কাজ করতে হচ্ছে। নতুনভাবে সবকিছু স্থাপন করতে হচ্ছে। অনেক সময়ের ব্যাপার হলেও এখন সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় দ্রুত করতে পারছি। অপরদিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যায় ফ্লু কর্নার চালু করা হয়েছে। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে এ কার্যক্রম চালু করা হয়। তবে এখানে শুধু জ্বর, সর্দি, কাশি অর্থাত্ করোনা উপসর্গ আছে এমন রোগীদের চিকিত্সা দেওয়া হবে। গত রবিবার রাত ৮টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. সামসুদ্দোহা সঞ্চয় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রবিবার রাত সাড়ে ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়।