বিএনপিকে তথ্যমন্ত্রী
বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ‘বিদেশি লবিস্টদের পেছনে অর্থ ব্যয়, আর ঘরে বসে দোষ খোঁজা বাদ দিয়ে জনগণের পাশে দাঁড়ান। গতকাল সোমবার দুপুরে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় আক্ষেপ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের সিনিয়র নেতারা কয়দিন ধরে নানা বক্তব্য দিচ্ছেন। কিন্তু তারা (বিএনপি) জনগণের পাশে কোথায়! শহরে-গ্রামে কোথাও তাদের নেতা-কর্মীরা জনগণের পাশে নেই। তারা শুধু ঢাকা শহরে কয়েকটা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত আর সেই ফটোসেশন করতে গিয়ে সরকারের বিরুদ্ধ কথা বলা ছাড়া আর কিছু নেই।’
ত্রাণে অনিয়মের বিচার তত্ক্ষণাত্ মোবাইল কোর্টে করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘হাতে গোনা ত্রাণে অনিয়মের কয়েকটি ঘটনা নিয়ে বিএনপি যে কথা বলছে, তাতে তাদেরকে নিজেদের চেহারা আয়নায় দেখতে বলব। তারা ২০০১ সালে ক্ষমতায় গিয়ে পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছিল, যে কারণে তাদেরকে অনেকে ‘বিশ্বচোর’ বলেন। তারা যুদ্ধাপরাধীদের বিচার, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে মামলা ঠেকাতে বিদেশি লবিস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ করেছে।
