অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এই মুহূর্তে বড়ো অগ্রাধিকার হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। আল্লাহর রহমতে করোনামুক্ত হলে দেশের মানুষ সর্বশক্তি নিয়ে নিজেরাই ঘুরে দাঁড়াতে পারবে এবং অর্থনীতিতে গতিশীলতা ফিরে আসবে।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংকের এ পূর্বাভাস সামঞ্জস্যপূর্ণ নয়। এটি এখন বিবেচনায় না নিলেই ভালো। এই মুহূর্তে আমাদের প্রবৃদ্ধি কত হবে তা নিয়ে কথা বলার সময় আসেনি। অর্থনীতির মৌলভিত্তিগুলোর ওপর তা নির্ভর করে। করোনা ভাইরাসের কারণে আমাদের আমদানি, রফতানি কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির রয়েছে। করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না আমাদের অর্থনৈতিক সূচকগুলোর অবস্থান কী দাঁড়ায়। বর্তমান প্রেক্ষাপটে সবগুলো খাতই করোনার প্রভাবযুক্ত। ফলে, এ ধরনের সংখ্যাতাত্ত্বিক পূর্বাভাস করা এই মুহূর্তে অসম্ভব। তবে আমাদের আট মাসের অর্জন ভালো।
অর্থমন্ত্রী বলেন, আমাদের সামনে তো আট মাসের তথ্য রয়েছেই। সেগুলো যাচাই করে কিছুদিন আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, এবার আমাদের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৮ শতাংশ। ফলে বিশ্বব্যাংকের এই পূর্বাভাসকে আমি সময় উপযোগী বা পরিপক্ব কোনোটাই মনে করি না। করোনা ভাইরাসের প্রভাবে সারাবিশ্বের মতো আমাদের জিডিপিও কমবে। তবে আমাদের এতটা কমবে না। কমপক্ষে ৬ শতাংশের ওপরে জিডিপি এ বছরও আমরা অর্জন করতে সক্ষম হবো। কেননা বাংলাদেশে করোনার প্রভাব পড়ার আগেই আমাদের অর্থ-বছরের ৮ মাস অতিবাহিত হয়ে গিয়েছে। বাকি আছে মার্চ-জুন চার মাস। এ সময়ে যদি আমাদের শূন্য কিংবা নেগেটিভ গ্রোথও হয়, তারপরও আগের আট মাসে আমরা যা অর্জন করেছি সেটা ৬ শতাংশের বেশিই হবে।
তিনি আরো বলেন, অর্থনীতির চেয়ে আমাদের এখন সবচেয়ে বড়ো অগ্রাধিকার হচ্ছে দেশের মানুষের জীবন রক্ষা করা। তাদের চিকিত্সা সেবা নিশ্চিত করা, খাবারের জোগান দেওয়াসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করাই এখন আমাদের মৌলিক কাজ। আমাদের প্রবৃদ্ধির প্রধান তিনটি খাত হলো কৃষি, শিল্প ও সেবা। আমাদের কৃষিখাতে করোনা ভাইরাসের তেমন কোনো প্রভাব পড়েনি। এটা যদি দীর্ঘায়িত না হয় তাহলে কৃষি খাতে আমরা লক্ষ্যমাত্রার বিপরীতে সম্পূর্ণ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব। আর শিল্প খাতে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। এটা কাটানোর জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগও নিয়েছি। একইভাবে সেবা খাতেও কিছুটা প্রভাব পড়ছে। আমরা স্বীকার করছি প্রবৃদ্ধি কমবে, কিন্তু এতটা কমবে না। মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে এ মহামারি থেকে রক্ষা করুন।
