সৌদি আরবের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা প্রধানের মতো পদে পরিবর্তন এসেছে। তবে দেশটির যুবরাজের ক্ষমতা অটুটই রয়েছে। বরং তার ঘনিষ্টজনদেরই পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক ডিক্রির মাধ্যমে রদবদলের বিষয়টি জানানো হয়। এদিকে প্রিন্স খালেদ বিন তালাল বিন আব্দুলআজিজকে ফের গ্রেপ্তার করা হয়েছে। বাবা প্রিন্স তালালের মৃত্যুর কয়েক দিনের মাথায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। খবর নিউ ইয়র্ক টাইমস ও আল জাজিরা’র
বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ জাতীয় মহাকাশ সংস্থা সৃষ্টির নির্দেশ দিয়েছেন এবং এর নেতৃত্ব দেবেন প্রিন্স সুলতান বিন সালমান। সৌদি আরবের নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইব্রাহিম আল-আসাফ। এর আগে তিনি অর্থমন্ত্রী ছিলেন। তিনি গত বছরের দুর্নীতিবিরোধী অভিযানে রিটজ কার্টন হোটেলে আটক হয়েছিলেন। আগের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি কিভাবে এই দায়িত্ব পালন করবেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি রাজপরিবারের বাইরের হলেও সৌদি আরবের বড় মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জুবেইরকে কেন পদ থেকে সরানো হলো সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ধারণা, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের পর বিশ্বে সমালোচনা সামাল দিতে ব্যর্থ হয়েছেন জুবেইর। গত ২ অক্টোবর খাশোগিকে তুরস্কে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। সৌদি আরব হত্যার কথা স্বীকার করলেও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে। যদিও তুরস্ক এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র তদন্তে যুবরাজের জড়িত থাকার কথা জানানো হয়েছে। ডিক্রিতে ন্যাশনাল গার্ডের প্রধান মিতেব বিন আব্দুল্লাহকে সরিয়ে প্রিন্স আব্দুল্লাহ বিন বান্দর বিন আব্দুলআজিজকে, নিরাপত্তা প্রধান হিসেবে জেনারেল খালিদ বিন কিরাল আল হারবি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মুসায়েদ আল-আইবানের নাম ঘোষণা করা হয়েছে।
