বগুড়ায় সরকারি চাল

আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০০:২৮

সরকারি চাল আত্মসাতের অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক জন ‘ওপেন মার্কেট সেল’ (ওএমএস)-এর ডিলার মশিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে সরকারের ৭১০ কেজি চাল আত্মসাত্ করার অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, যারা সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ও ত্রাণসামগ্রী আত্মসাত্ করবেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে দুদক শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওএমএস ডিলার মশিউর রহমান মোট ৫৩৮ জন ভোক্তার মধ্যে ১৭ জন ভোক্তার নাম দুই-তিন বার এন্ট্রি করেন এবং রেজিস্টারে ১৪০ কেজি চাল হিসাবভুক্ত না করেই সরকারের মোট ৭১০ কেজি চাল আত্মসাত্ করেছেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক কর্মকর্তারা আসামিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।