মুক্তিযুদ্ধে একই পরিবারের পাঁচ জনের ৪৯তম শাহাদত বার্ষিকী আগামীকাল

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০০:২৮

মুক্তিযুদ্ধে একই পরিবারের পাঁচ জনের ৪৯তম শাহাদত বার্ষিকী আগামীকাল। বাংলাদেশের রক্তক্ষয়ী মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তত্কালীন রংপুর জেলার সৈয়দপুরে রেলওয়ে সরকারি বাসভবনে ১৯৭১ সালের ১৫ই এপ্রিল (১লা বৈশাখ) পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর বিহারিদের যৌথ পৈশাচিক ও বর্বরোচিত আক্রমণে প্রকৌশলী ফজলুর রহমান, তার স্ত্রী হোসনে আক্তার (এনজিও প্রশিক্ষিকা) এবং বড়ো তিন পুত্র মোস্তাফিজুর রহমান মজনু (কলেজছাত্র), হাসিনুর রহমান হিরন (হাইস্কুল ছাত্র) এবং আজিজুর রহমান বাবু (হাইস্কুল ছাত্র) শহিদ হন। হোসনে আক্তারকে বেয়নেট চার্জ করে নরপশুরা মাটিতে জীবন্তপুঁতে ফেলে। এই হত্যাযজ্ঞে অলৌকিকভাবে বেঁচে যান প্রজন্ম ’৭১-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চ্যানেল-আইয়ের সিনিয়র নিউজ প্রেজেনটার সাইদুর রহমান এবং তার দুই বোন দিলরুবা খাতুন ও ক্যামেলিয়া রহমান। একই দিন এবং তার আগে ও পরে সৈয়দপুরে পাক বাহিনী এবং তাদের দোসররা অগণিত বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। এ উপলক্ষ্যে কোরানখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।