করোনা ভাইরাস সংক্রমণ রোধে দে?শে সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে বেশির ভাগ সেবা প্রতিষ্ঠান। কিন্তু অর্থনীতির চাকা সচল রাখতে ঝুঁকির মধ্যেও চলছে ব্যাংক। তাই সাধারণ ছুটির সময় যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন, তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ১০ দিন অফিস গেলেই ব্যাংক কর্মীরা ভাতা হিসেবে পাবেন বাড়তি এক মাসের মূল বেতন। এ ক্ষেত্রে পদমর্যাদা অনুযায়ী সর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পাবেন তারা। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
ঐ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং দায়িত্ব পালন করতে গিয়ে কিছু সংখ্যক ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন ব্যাংকিং খাতকে সচল রাখতে যারা জীবন ও পরিবারকে ঝুঁকিতে রেখেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন, তাদের বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে আরো বলা হয়, সাধারণ ছুটিকালীন কর্মকর্তা-কর্মচারীরা কমপক্ষে ১০ কার্যদিবস সশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণ মাস হিসেবে গণ্য হবে। তবে ১০ কার্যদিবসের কম সশরীরে ব্যাংকে কর্মরত থাকলে সেক্ষেত্রে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবেন। ব্যাংকের স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এ সুবিধা পাবেন।
যেসব অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন আলাদাভাবে নির্ধারিত নেই, তারা মাসিক মোট বেতন-ভাতার ৬৫ শতাংশ বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে পাবেন। তবে সব ক্ষেত্রেই এ বিশেষ প্রণোদনা ভাতার পরিমাণ মাসিক সর্বনিম্ন ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ টাকা হবে। সাধারণ ছুটি শুরু হওয়ার তারিখ থেকে মাস গণনা শুরু হবে এবং প্রতি ৩০ দিন অতিক্রান্ত হওয়ার পর পুনরায় নতুন মাস গণনা শুরু হবে। এ নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদকাল পর্যন্ত বলবত্ থাকবে।
এর আগে রবিবার ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বেসরকারি ব্যাংকের কর্মীরা কর্মরত অবস্থায় কোনো অসুস্থতা বোধ করলে বা করোনা সংক্রমিত হলে তার চিকিত্সার সম্পূর্ণ ব্যয় বহন করবে সংশ্লিষ্ট ব্যাংক। এছাড়া করোনা সংক্রমিত হ?য়ে কেউ মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।
