সোনারগাঁও থেকে খুনি মাজেদের লাশ অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০০:৩২

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের লাশ সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর থেকে অপসারণের দাবিতে আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম ও অ্যাডভোকেট ফজলে রাব্বীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক মোল্লা, সোনারগাঁও উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সোনারগাঁও থেকে লাশ অপসারণের দাবিতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ৭১ নামে একটি সংগঠন সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল খাগকান্দা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ হলের জি এস আব্দুর রহিম সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক মামুন সরকার, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জামান সরকার ও বিল্লাল সরকারসহ অংশগ্রহণ করেন।