ঘরে থাকবেন, না কবরে যাবেন সিদ্ধান্ত আপনার -------- র্যাব ডিজি

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০০:৩৩

করোনা ভাইরাস পরিস্থিতিতে অযথা ঘোরাঘুরি করা নাগরিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে পুলিশের নতুন মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব নিতে যাওয়া ড. বেনজীর আহমেদ বলেছেন, আপনি ঘরে থাকবেন নাকি কবরে যাবেন সিদ্ধান্ত আপনার। সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন—এটা হতে  দেওয়া যাবে না। সামান্য প্রয়োজনে বাইরে যাওয়া, আড্ডা দেওয়া ও অনর্থক ঘোরাঘুরি না করতে সবাইকে অনুরোধ করছি।

পাশাপাশি করোনার দুর্যোগে ত্রাণসামগ্রী সহায়তার নামে লুটপাটকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন ড. বেনজীর আহমেদ। গতকাল সোমবার র্যাব সদর দপ্তরে এক অনলাইন ব্রিফিংয়ে বেনজীর আহমেদ এ সব কথা বলেন। র্যাবের বিদায়ী মহাপরিচালক বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের হুমকি ধনী-গরিব সবার জন্যই সমান। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, এই ক্রাইসিসের মধ্যে নিজের কথা ভাবুন,  দেশের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এ দায়িত্ব কেবল কারো একার নয়, সবার।’

ড. বেনজীর বলেন, ‘ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না। যারা ত্রাণের নামে লুটপাট করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ বেনজীর বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশ-জাতি যখন করোনার মহামারিতে বিপর্যস্ত তখনো দেখা যাচ্ছে কেউ কেউ ত্রাণসামগ্রী লুটপাটের চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না। কঠোরভাবে দমন করা হবে।’