করোনাভাইরাসের কারণে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে এই সময়ে ক্যাম্পাসের জরুরি সেবাসমূহ- বিদ্যুৎ, পানি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকাণ্ড চালু থাকবে।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে তৃতীয় দফায় ছুটি বর্ধিত করা হলো। এর আগে ১৮ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়টির সকল কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেওয়া হয়েছিলো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ৩১ মার্চে পুনরায় ছুটি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
