রংপুর বিভাগে ৮ জেলায় ভোটার বেড়েছে প্রায় ১৩ লাখ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:৫১

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলায় এবার ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ১৩ লাখ। এই ভোটারদের মধ্যে অধিকাংশই নারী ও তরুন। রংপুর জেলায় নারী ভোটারের সংখ্যা বাড়লেও মোট ভোটার বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে দিনাজপুর জেলা। রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসের সূত্র মতে, দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলায় মোট ভোটার ছিল এক কোটি তিন লাখ এগার হাজার চারশ আট জন । এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি পনের লাখ পঁচাশি হাজার দুই শত চৌষষ্টি জন। সে হিসাব অনুযায়ী এবার রংপুর বিভাগে ভোটার বেড়েছে বার লাখ তেয়াত্তর হাজার আটশ ছাপ্পান্ন জন।

সাবেক ভোটার তালিকায় রংপুর জেলায় মোট ভোটার ছিল উনিশ লাখ কুড়ি হাজার সাতশ বিরান্নবই জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছে একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশ পঁচাত্তর জন। পঞ্চগড়ে  ভোটার ছিল ছয় লাখ পনের হাজার সাতশ আটানব্বই জন। এখন ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ তের হাজার হাজার ছয়শ আটচল্লিশ জন। ঠাকুরগাঁওয়ে ছিল আট লাখ ছিয়াত্তর হাজার আটশ আট জন। এ বছর মোট ভোটারের সংখ্যা নয় লাখ পঁচানব্বই হাজার একশ ছিয়াশি জন। 

দিনাজপুরে গত নির্বাচনে ভোটার ছিল উনিশ লাখ সাতষষ্টি হাজার দুইশ একত্রিশ জন। এ বছর মোট ভোটার বাইশ লাখ ছয় হাজার চারশ চল্লিশ জন। নীলফামারীতে ছিল এগার লাখ আটচল্লিশ হাজার সাতশ ছাব্বিশ জন। আর এবার তা বেড়ে দাঁড়িয়েছে বারো লাখ আটাশি হাজার ছয়শ আঠার জন। লালমনিরহাটে ছিল আট লাখ দুই হাজার চারশ চুরাশি জন, বেড়ে হয়েছে নয় লাখ পনের হাজার সাতশ আটাশি জন। কুড়িগ্রামে ভোটার ছিল তেরো লাখ পঁচাত্তর  হাজার একশ চল্লিশ জন। এবার নতুন ভোটার হয়েছে পনের লাখ ছয়চল্লিশ হাজার ছয়শ চুয়াত্তর  জন। এছাড়া গাইবান্ধা জেলায় গত নির্বাচনে ভোটার ছিল ষোল লাখ চার হাজার চারশ উনত্রিশ জন। এ বছর মোট ভোটারের সংখ্যা সতোর লাখ চুরাশি হাজার পাঁচশ পঁয়তাল্লিশ জন।

নির্বাচন অফিসের  তথ্যমতে, হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী রংপুর জেলায় পুরুষ ভোটার সংখ্যা দশ লাখ উনষাট হাজার সাতশ আটান্ন এবং নারী ভোটার দশ লাখ চুয়াত্তর হাজার ছয়শ সতের জন। অর্থাৎ পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার চৌদ্দ হাজার চারশ উনষাট জন বেশি। যার বেশির ভাগই রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভোটার।

ইত্তেফাক/অনি