করোনা ভাইরাস সংক্রমণ থেকে ঝুঁকিমুক্ত রাখতে দেশে প্রথমবারের মতো পটুয়াখালী নদীবন্দরে যাত্রীবাহী বিলাসবহুল ‘এ.আর.খান’ লঞ্চকে ভাসমান প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট হিসাবে ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এই ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
জেলা প্রশাসক জানান, নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন এলাকা থেকে নৌপথে বিভিন্ন উপায়ে যারা পটুয়াখালী জেলায় প্রবেশ করছে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য পটুয়াখালী-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী বিলাসবহুল ‘এ.আর.খান’ লঞ্চকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট হিসাবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরো জানান, শুধু ঐ সকল লোকেরাই নয়, তাদের পরিবার-পরিজনদের নিরাপদ রাখতে এবং জেলার মানুষকে করোনা থেকে নিরাপদ রাখতে এই লঞ্চে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বাইরে থেকে আসা লোকদেরকে।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম জানান, ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিটে ৪০ টি ডাবল ও ৩৮ টি সিঙ্গেল কেবিন রয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের চিকিৎসা ও দেখভাল করার জন্য রয়েছেন চিকিৎসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিটে কর্মরতদের সুরক্ষার জন্য জেলা প্রশাসক তাদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেন বলেও তিনি জানান।
আরো পড়ুন: বিসিজি টিকায় করোনা ভালো হয় কোনও প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ, পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুমকিতে একজনের মৃত্যু হয়েছে। তার বড় বোন আক্রান্ত হয়ে পটুয়াখালী হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন তিনজন।
ইত্তেফাক/এএএম
